চট্টগ্রাম ইপিজেডে ওভারটাইমের দাবিতে কর্মবিরতি
প্রকাশ : ২৩ মার্চ ২০১৪, ২১:৪১
চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) নতুন মজুরী কাঠামোর অধীনে ওভারটাইমের দাবিতে মিঠুন নিটিং নামের বাংলাদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে। তারা গতকাল শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে।
সিইপিজেড ব্যবস্থাপনা সূত্র জানায়, এখানকার মিঠুন নিটিং নামের প্রতিষ্ঠানটিতে আগে দুই শিফটে কাজ চলতো। গত কয়েকমাস আগে কারখানাটিতে মালিক কর্তৃপক্ষ তিন শিফট চালু করে। ফলে ওভারটাইম বন্ধ হয়ে যায়। শ্রমিকরা আগের মতো ওভারটাইম দাবি করলে মালিক কর্তৃপক্ষ জানায় যে, কাজ থাকলে ওভারটাইম দেয়া হবে। এনিয়ে মতানৈক্যের জের ধরে শ্রমিকরা শনিবার সকাল থেকে কাজ বন্ধ করে দেয়।
সিইপিজেডের জিএম এসএম আবদুর রশিদ ইত্তেফাককে বলেন, মালিক-শ্রমিক উভয় পক্ষে সমঝোতার লক্ষ্যে আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পতেঙ্গা অঞ্চলের পরিচালক তবারকউল্লাহ ইত্তেফাককে বলেন, প্রতিষ্ঠানটির মালিকের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।