সুন্দরগঞ্জে লড়াই হবে ত্রিমুখী
রাশিদুল আলম চাঁদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মার্চ ২০১৪, ২১:৪৫
গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন ৩১ মার্চ উপজেলার পরিষদ নির্বাচনে প্রার্থীরা বিরাহীনভাবে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। এদিকে সাধারণ ভোটারদের মধ্যে বিরাজ করছে ভোটের আমেজ। আর ভোটযুদ্ধে জয়ী হবার জন্য বিরামহীনভাবে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। চলছে নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ। কদর বেড়েছে সাধারণ ভোটারদের তারাও সুযোগ বুঝে প্রার্থীদের সাথে কথা বলছেন। প্রার্থীর সমর্থকরা তাদের প্রার্থীর পক্ষে গুণকীর্তন করে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। অনেকেই আবার নিজের উপজেলার প্রত্যন্ত অঞ্চলের চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ চালাচ্ছে। উপজেলার হাট-বাজার, রাস্তার মোড়ে মোড়ে,অফিস-আদালতের সামনে শোভা পাচ্ছে প্রার্থীদের ব্যানার, পোস্টার ও ফেস্টুন। প্রার্থীরা শোনাচ্ছে নানা উন্নয়নের বাণী, দিচ্ছে অনেক ওয়াদা। কিন্তু ভোটাররা রয়েছেন নীরব। সুন্দরগঞ্জ উপজেলা জামায়াত ও জাপার ঘাঁটি হলেও এবার উপজেলা নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা আহমেদ, বিএনপির সভাপতি ও ১৯ দলের আহবায়ক মোজাহারুল ইসলাম, জামায়াতের মাজেদুর রহমান (মাজেদ) ও জাপার আব্দুর রশিদ সরকার ডাবলুসহ মোট ৯ জন প্রার্থী। এদের মধ্য থেকে উপজেলার ভোটাররা ও বিজ্ঞমহল বলছেন মাজেদুর, গোলাম মোস্তাফা ও ডাবলু এই ৩ প্রার্থীর মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা হবে। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে আ’লীগ সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ও জামায়াত সমর্থিত প্রার্থী আবু সোলায়মান (সাজা)-এর মধ্যে। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শক্ত কোন প্রার্থী না থাকায় (জেপি) সমর্থিত প্রার্থী মোছাঃ রেজিয়া বেগমের নাম ভোটারদের মাঝে শোনা যাচ্ছে।