বরগুনায় আওয়ামী লীগ ও বিএনপির পাঁচ নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়া এবং দলীয় প্রার্থীকে সমর্থন না করায় বরগুনা সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম জানান, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মো: হালিম এবং ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো: আবদুল হক হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে বিএনপির সদর উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ.জেড.এম সালেহ ফারুককে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহমেদ ছজু ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শামসুদ্দিন সানু এবং ভাইস-চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মৃধাকে বহিষ্কার করা হয়েছে।