পাবনায় জামায়াতের ১৮৬ নেতা-কর্মীর পদত্যাগ

আসন্ন পাবনার বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ডা. আবদুল বাসেত খানকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয়ার প্রতিবাদে বেড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের আমির-সেক্রেটারিসহ ১৮৬ নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে বেড়া উপজেলা জামায়াতের এক জরুরি বৈঠকে এ পদত্যাগের সিদ্ধান্ত হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। পদত্যাগের বিষয়টি কেন্দ্রীয় জামায়াতকে জানিয়ে দেয়া হয়েছে। উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান জানান, আগামী ৩১ মার্চ পঞ্চম ধাপের নির্বাচনে বেড়া উপজেলা জামায়াতের আমির ডা. আবদুল বাসেত খান জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার দুপুরে তাদের দলের উপরমহল থেকে ফোনে আবদুল বাসেতকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপি-সমর্থিত প্রার্থী পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকিরের পক্ষে নির্বাচন করার নির্দেশ দেয়া হয়। এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে ডা. আবদুল বাসেত খানের বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে বেড়া উপজেলা জামায়াতের আমির ডা. আবদুল বাসেত খান, সেক্রেটারি আতাউর রহমান, পৌর জামায়াতের আমির জামালউদ্দিন, সেক্রেটারি জাহাঙ্গীর আলম সেলিম এবং নয়টি ইউনিয়ন জামায়াতের আমির-সেক্রেটারিসহ মোট ১৮৬ জন নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেন।