শিল্পিত-এর কবিতা পাঠের আসর

কবি ফজল শাহাবুদ্দীনকে উত্সর্গ করে ১০ তরুণ কবির স্বরচিত কবিতা ও তাদের নিজের কথা নিয়ে শিল্পিত আয়োজন করে এক কবিতা পাঠের আসর। গতকাল জাতীয় জাদুঘরে আয়োজিত ‘স্বীয় সৃজনের কণ্ঠশীলন’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ। পেশাদার কবি না হয়েও মোঃ আজহারুল হক, সৈয়দ নাজমুল হুদা, সরকার মাহবুব, শরিফ এম আফজাল হোসেন, হাসিদা মুন, নিবেদিতা নার্গিস, মিনু রহমান, সাদিয়া আসাদিয়া মুন্নি, কামরুল হাসান প্রমুখ কবি ভালোবাসার জায়গা থেকে কবিতা লেখেন। অনুষ্ঠানে তাদের লেখা কবিতা পাঠ করে শোনান তারা। কবি নির্মলেন্দু গুণ অপেশাদার কবিদের উত্সাহদান করার জন্য এমন অনুষ্ঠানের প্রশংসা করেন। তিনি নিজের লেখা আমি বলছি না আমাকে ভালবাসতেই হবে, আমি হয়ত মানুষ নই শীর্ষক কবিতা দুটি আবৃত্তি করেন।