বিজিবি’র নিজস্ব র্যাংক ব্যাজ চালু

সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা পেলেন নতুন নিজস্ব র্যাংক ব্যাজ। সংস্থাটি পুনর্গঠনের আওতায় বাহিনীর ডিজি থেকে শুরু করে সিপাহী পর্যন্ত ১৪টি পদের জন্য সঙ্গতিপূর্ণ র্যাংক ব্যাজ চালু হয়েছে। রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদকে ব্যাজ পরিয়ে দেন। এর মধ্যদিয়ে দীর্ঘ দিনের প্রত্যাশিত বিজিবি’র জন্য নিজস্ব র্যাংক ব্যাজের দাবি পূরণ হলো। বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজিবি’র সব স্তরের একজন করে কর্মকর্তা ও পদবীধারী প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরিয়ে দেয়া হয়। এতে বিজিবি’র জন্য নতুন প্রবর্তিত ব্যাজ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। সেনাবাহিনী থেকে প্রেষণে আসা কর্মকর্তাদের মূল র্যাংক অপরিবর্তিত রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অন্যান্য বাহিনী এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র র্যাংক ব্যাজের সঙ্গে নতুন এই র্যাংক ব্যাজের সামঞ্জস্য রাখা হয়েছে। পুনর্গঠন প্রক্রিয়ায় বিজিবির সাংগঠনিক কাঠামোতে ইতিপূর্বে ৪টি রিজিয়ন সদর দফতর গঠন, ৪টি নতুন সেক্টরসহ অন্যান্য ইউনিট সৃষ্টি করা হয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন অন্যান্য বাহিনী এবং ভারতের বিএসএফ’র সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিবি’র পদগুলোতে পরিবর্তন আনা হলেও নিজস্ব র্যাংক ব্যাজ ছিল না।