আওয়ামী লীগকে কমিউনিস্ট বানিয়ে বামরা মসনদকে আলোকিত করতে চায়
প্রকাশ : ২৩ মার্চ ২০১৪, ২২:২২
প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহবায়ক নূর-এ আলম সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগকে কমিউনিস্ট বানিয়ে বামরা মসনদকে আলোকিত করতে চায়। তবে যে সরকারের ১৫৩ জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে তাদের ভবিষ্যত্ দীর্ঘস্থায়ী হতে পারে না। গতকাল রবিবার বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ২৩ মার্চ পতাকা দিবস উদযাপন উপলক্ষে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।
নূর-এ আলম সিদ্দিকী বলেন, প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠন নয়। এ ফাউন্ডেশনের জন্ম কারো সমালোচনা করার জন্য নয়, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার জন্য প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। বঙ্গবন্ধুর নির্দেশে যে ছাত্রলীগ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যাদের কারণে দেশ স্বাধীন হয়েছে আজ তারা অবহেলিত। বঙ্গবন্ধু যদি একটি বটগাছ হন, ছাত্রলীগ তার শিকড়।
নূর-এ আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের নেতা খালেদ মোহাম্মদ আলী, মোস্তফা মহসিন মন্টু, এমএ রশিদ, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর, নূরুল ফজল বুলবুল, সুধীর কুমার হাজরা, আবুল হাসান চৌধুরী, মোশাররফ হোসেন, আবুল কাশেম প্রমুখ।
মোস্তফা মহসিন মন্টু বলেন, সংবিধান রক্ষার নামে বর্তমান সরকার নির্বাচন করে গণতন্ত্রের কবর রচনা করেছে। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলের এ করুণ অবস্থা হলো কেন?