কবি আল মাহমুদকে লেখালেখি সাহিত্য পুরস্কার প্রদান

লেখালেখি প্রকাশনা সংস্থার উদ্যোগে কবি আল মাহমুদকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, গুণী ব্যক্তিদের সম্মান না জানানোর প্রবণতায় চারদিকে আজ অরাজকতা বিরাজ করছে। কবি আল মাহমুদকে সম্মাননা প্রদান করে গুণের কদর প্রদর্শনে ইতিবাচক ধারা বলে অভিহিত করেন বক্তারা। শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খান প্রধান অতিথির বক্তব্যে কবি আল মাহমুদকে বর্তমান সময়ের মহান কবি হিসেবে আখ্যায়িত করে তার শতায়ু কামনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মাহমুদ শাহ কোরেশী, কবি কেজি মোস্তফা, কবি আসাদ চৌধুরী। এসময় দেশবরেণ্য কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন শিক্ষানুরাগী উপস্থিত ছিলেন। কবি আল মাহমুদ বলেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাকে বিজয়ী হতেই হবে। এমাজউদ্দীন আহমদ কবি আল মাহমুদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা পরনির্ভরশীল না হয়ে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আপনি নতুন প্রজন্মসহ আমাদের সে স্বপ্ন দেখান। অনুষ্ঠানে আল মাহমুদের পোড়ামাটির জোড়া হাঁস উপন্যাস ও তার সাহিত্যকর্মের সার্বিক অবদানের জন্য তাকে ‘লেখালেখি সাহিত্য পুরস্কার-২০১৪’ সম্মাননা ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি