কুমিল্লার সাবেক এমপি আব্দুল হাকিমের ইন্তেকাল
প্রকাশ : ২৩ মার্চ ২০১৪, ২২:৩৫
কুমিল্লার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল হাকিম (৮৫) শ্বাসকষ্টজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রবিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সর্বশেষ ১৯৯৬ সালে সাধারণ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি এ আসন থেকে আরো ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
১৯৭০ সালে তিনি জাতীয় পরিষদের নির্বাচিত এমএলএ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহবায়ক ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, রেলপথমন্ত্রী মুজিবুল হক, সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।