নিউজিল্যান্ডের মোকাবেলায় চাপে প্রোটিয়ারা

হার দিয়ে বিশ্বকাপ শুরু করা দক্ষিণ আফ্রিকা নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ডাকওয়ার্থ অ্যান্ড লুইস মেথডে ইংল্যান্ডকে হারিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে। ওই ম্যাচে ইংল্যান্ডের করা ১৭২ রানের জবাব দিতে নেমে ব্ল্যাক ক্যাপরা ৫.২ ওভারে ৫২ রান তোলার পরই মুষলধারে বৃষ্টি নামলেও জয় পেতে সমস্যা হয়নি। নিউজিল্যান্ডের ডান হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ও অফব্রেক বোলার কেন উইলিয়ামসন বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় পাওয়াটা তাদের জন্য ছিল সৌভাগ্যের বিষয়। তবে ক্রিকেটের জন্য দুর্ভাগ্য বলতে হবে। কারণ দর্শকরা একটি উত্তেজনাকর ম্যাচ দেখা থেকে বঞ্চিত হয়েছেন। ইংলিশ ব্যাটসম্যানরা খুব ভালো রান করেছিলেন। আমাদের সূচনাও ছিল চমত্কার। কিন্তু বৃষ্টি বাগড়া দেয়ায় দর্শকরা একটি ভালো খেলা থেকে বঞ্চিত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ সম্পর্কে কেন উইলিয়ামসন অনেকটা রসিকতা করে বলেন, প্রতিদিনতো আর বৃষ্টি হবে না। তাই আজ আমরা লড়াই করেই জিততে চাই। দক্ষিণ আফ্রিকাও জয় ছাড়া আর কিছুই ভাবছে না। কেননা আজ হেরে গেলে সেমিফাইনালে ওঠার কাজটা অনেকটাই কঠিন হয়ে যাবে তাদের।