আন্তর্জাতিক ম্যাচ খেলার তাগিদ দিলেন বাংলাদেশ কোচ

বাংলাদেশ হকি দলের কোচ নাভিদ আলম এশিয়ান গেমসের আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার উপর জোর দিলেন। ওমানকে হারিয়ে এশিয়ান গেমস হকির বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার পর এ মত দেন তিনি। পাকিস্তানি এই কোচ বলেন, ‘ছয় জন নতুন খেলোয়াড় নিয়ে এশিয়া কাপ হকির বাছাই খেলাটা কঠিন ছিল। তার পরও আজকের ম্যাচে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি’। এ সাফল্যের পেছনে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের পারস্পরিক বিশ্বাসের কথা উল্লেখ করেন কোচ। তিনি বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে বিশ্বাস আমাকে চ্যাম্পিয়ন করে দিয়েছে। এই টুর্নামেন্টে খেলোয়াড়দের উপর বিশ্বাস রেখেছিল ম্যানেজমেন্ট। আর খেলোয়াড়রা বিশ্বাস রেখেছিল ম্যানেজমেন্টের উপর। আর কিছু না।’ এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বে খেলার জন্য এখন বাংলাদেশের কী দরকার সে প্রশ্নে কোচ নাভিদ বলেন, আমাদেরকে আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে। আমরা এই টুর্নামেন্টের আগে বিদেশি দলের সাথে অনুশীলন ম্যাচ খেলিনি। কোরিয়ায় যাওয়ার আগে অনুশীলন ম্যাচের উপর জোর দেয়া প্রয়োজন। আর সেই সাথে হাই পারফরম্যান্স ট্রেনিং দরকার।’ গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ৫-১ গোলে হংকং চায়নাকে, ২-০ গোলে সিঙ্গাপুরকে এবং ৩-১ গোলে ইরানকে হারায়। স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে খেলতে নেমে বাংলাদেশের খেলোয়াড়রা ধারাবাহিকতা রাখতে পারেননি। কাল চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ নাভিদ আলম নিজ থেকে শ্রীলংকার ম্যাচের কথা টেনে বলেন, ‘আমি ভাবতেও পারিনি শ্রীলংকার বিরুদ্ধে এতো খারাপ খেলবে আমার ছেলেরা।’