আগৈলঝাড়ার অনেক কেন্দ্রে সকালের মধ্যেই ভোট গ্রহণ শেষ
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মার্চ ২০১৪, ২৩:২৫
বরিশালের আগৈলঝাড়ার অনেকগুলো কেন্দ্রেই সকালের মধ্যে ভোটগ্রহণ প্রায় শেষ হয়ে যায়। সকালে আগৈলঝাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বকতিয়ার উদ্দিন জানান, কেন্দ্রের নয়টি বুথের প্রতিটিতে ২০০টি করে ব্যালট পেপার পোলিং অফিসারদের সরবরাহ করা হয়েছে। ভোট শুরু হওয়ার পর প্রথম আধা ঘণ্টায় সব ব্যালট পেপার শেষ হয়ে গেছে। কেন্দ্রটির মোট ভোট দুই হাজার ৮৭৮টি। প্রথম আধা ঘণ্টায় ব্যালট বাক্সে ভোট ঢুকেছে এক হাজার ৮০০টি।
কেন্দ্রের প্রতিটি বুথে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপারে সিল মেরে তা বাক্সে ভরছেন। এ সময় পোলিং অফিসারদের অনেকটা অসহায়ের মতো ঘটনা প্রত্যক্ষ করতে দেখা যায়। উপজেলার গৈলা ইউনিয়নের কাঠিরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে নয়টায় গিয়ে দেখা গেছে, কেন্দ্রের এক হাজার ২৬১ ভোটের মধ্যে ৮৫০ ভোট দেয়া হয়েছে।
উপজেলার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯টা ৪৫ মিনিটে গিয়ে দেখা গেছে, কেন্দ্রের চার হাজার ৫১৪ ভোটের মধ্যে তিন হাজারেরও বেশি ভোট গ্রহণ শেষ হয়েছে। নাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগৈলঝাড়া এস এম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গৈলা মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বেশিরভাগ কেন্দ্রে একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যতীন্দ্রনাথ মিস্ত্রি বলেছেন, নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগ-সমর্থিত আনারস প্রতীকের সমর্থকরা বলেছেন, যার যা-ই সমর্থন থাকুক না কেন, সকাল ১০টার মধ্যে ভোট গ্রহণ শেষ হবে। আনারস প্রতীকের প্রার্থীই জয়ী হবেন। সেই ঘটনাই সত্যি হলো।