নির্বাচনের আগে ভারতে বড় ধরনের নাশকতার ষড়যন্ত্র বানচাল
প্রকাশ : ২৩ মার্চ ২০১৪, ২৩:২৬
ভারতের লোকসভা নির্বাচনের আগে বড় ধরনের নাশকতার ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে দিল্লী পুলিশ। রাজস্থানে পুলিশের পেতে রাখা ফাঁদে ধরা পড়েছে ইয়াসিন ভাটকলের ঘনিষ্ঠ ওয়াকাসসহ চার ভারতীয় মুজাহিদিন জঙ্গি। রাজস্থানের জয়পুর ও যোধপুর থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের রাজস্থান পুলিশের সাহায্য নিয়েছে দিল্লি এটিএস। নির্বাচনের মাত্র ১৫ দিন আগে এ ঘটনা ঘটল।
চার জঙ্গির গ্রেফতারের এ ঘটনাকে পুলিশের বড় ধরনের সাফল্য বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ কোন স্থানে এই জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে পুলিশ। ভাটকলের ঘনিষ্ঠ ওয়াকফ দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি নাশকতায় অভিযুক্ত। ২০১১ সালের মুম্বাইয়ের জাভেরি বাজার ও দিলসুখনগরের বিস্ফোরণের ঘটনাতেও মূল অভিযুক্ত ওয়াকফ। ওই ঘটনায় ২৭ জন নিহত ও ১৩০ জনের বেশি লোক আহত হয়। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ওয়াকাসকে গ্রেফতারে যে কোন ধরনের তথ্য দিয়ে সহায়তাকারীকে ১০ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে।