গুরুতর অসুস্থ এমপি হিরন ঢাকায় এ্যাপোলো হাসপাতালে ভর্তি
প্রকাশ : ২৩ মার্চ ২০১৪, ২৩:২৭
মস্তিষ্কে রক্তক্ষরণ-জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন সদর আসনের সংসদ সদস্য, সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন।
গত শনিবার রাতে হঠাত্ করে তিনি অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। তাত্ক্ষণিক তাকে শের-ই বাংলা চিকিত্সা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়। চিকিত্সকদের পরামর্শে রাতেই তাকে জরুরি ভিত্তিতে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল রবিবার দুইদফা চেষ্টার পর তিন ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারতের নিউরো সার্জন ডা. মিঠুন পান্ডে ও বাংলাদেশের নিউরো সার্জন ডা. জাহাঙ্গির আলম তার অস্ত্রোপচার করেন। ৭২ ঘণ্টা পর তার শরীরের অবস্থা সম্পর্কে ধারণা দিতে পারবেন চিকিত্সকরা।
এদিকে শওকত হোসেন হিরন হঠাত্ অসুস্থ হয়ে পড়ায় বরিশালের বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। দলীয় কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শওকত হোসেন হিরনের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত ও কোরআন তেলাওয়াত করা হয়।