ইসলামী ব্যাংকের টাকা নিচ্ছে না সরকার
প্রকাশ : ২৩ মার্চ ২০১৪, ২৩:২৮
ব্যাপক সমালোচনার মুখে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের জন্য ইসলামী ব্যাংকের অর্থ সহায়তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
অর্থ না নেয়ার কারণ ব্যাখ্যা করে বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী ব্যাংক আইনগতভাবে একটি নিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠান এবং তারা এদেশে তাদের কার্যক্রম আইনগতভাবে চালিয়ে যাচ্ছে। তাদের সম্বন্ধে কারো কারো তেমন ভাল ধারণা নেই এবং তাদের সহায়তা গ্রহণে আগেও অনেক প্রতিষ্ঠান অস্বীকৃতি জানিয়েছে। তাই ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে ব্যাংকটির সহায়তা গ্রহণ করা হচ্ছে না।
অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব অরিজিত্ চৌধুরী স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘আইসিসি ওয়ার্ল্ড টুয়েন্টি-২০ বাংলাদেশ ২০১৪’ এবং আগামী স্বাধীনতা দিবসে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’—এই দুটি উদ্যোগ কাছাকাছি সময়ে নেয় সরকার। এজন্য সরকারের তরফ থেকে আমরা ব্যক্তি মালিকানা খাতকে এ বিষয়ে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য তাদের ইচ্ছা অনুযায়ী এগিয়ে আসার আহ্বান করি। আমরা তাদের অবহিত করি যে, এ দুটি উদ্যোগের জন্য আমাদের প্রয়োজন প্রায় ৯০ কোটি টাকা এবং তারা তাদের ইচ্ছামত একটি বা দুটি উদ্যোগে অংশ নিতে পারেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ইচ্ছামত এ দুটি উদ্যোগে সহায়তা প্রদান করে। প্রধানমন্ত্রী তাদের প্রদত্ত চেকগুলো গ্রহণ করেন।
বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত সহায়তার সমন্বয় সাধন করতে গিয়ে আমরা দেখতে পাই, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের জন্য তিন কোটি টাকা প্রদান করেছে। এ পর্যায়ে সংস্কৃতি মন্ত্রণালয় ব্যাংকটির সহায়তা গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করে। সে অনুযায়ী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রদত্ত আর্থিক সহায়তা আমরা গ্রহণ করছি না। তবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইসলামী ব্যাংক তাদের সহায়তা ‘আইসিসি ওয়ার্ল্ড টুয়েন্টি-২০ বাংলাদেশ ২০১৪’তে দিতে পারেন অথবা কোথাও নাও দিতে পারেন।