৪৮০ ভোটকেন্দ্র দখলের অভিযোগ বিএনপির

বিএনপি অভিযোগ করেছে, চতুর্থ দফা উপজেলা নির্বাচনে ৪৮০টিরও বেশি ভোট কেন্দ্র সরকার সমর্থকরা দখল করেছে। এরমধ্যে ২৫টি উপজেলার প্রায় সবগুলো কেন্দ্র দখল করা হয়েছে। গতকাল রবিবার বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নির্বাচনোত্তর ব্রিফিংয়ে এই অভিযোগ করা হয়। এসময় দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ চতুর্থ দফা উপজেলা নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, নির্বাচনে বিএনপি অগ্রগামী দেখে ক্ষমতাসীনেরা তাদের নীলনকশা পরিবর্তন করে নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে ফলাফল ছিনিয়ে নিয়েছে। তিনি বলেন, সরকার জনগণের রায়কে করায়ত্ত করতে কেন্দ্র দখল, ব্যালটবাক্স ছিনতাই, ভোটারদের বাধা দেয়াসহ সব ধরনের অনাচারের আশ্রয় নিয়েছে। আর এতে সাজানো প্রশাসন, অনুগত জেলা প্রশাসক ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন নির্লজ্জ সহযোগিতা করছে। তিনি হতাশা প্রকাশ করে বলেন, সেনাবাহিনীকে নির্বাচন কমিশন ক্ষমতা দিয়ে চিঠি দিয়েছিল; কিন্তু এতেও তাণ্ডবের কোনো প্রতিকার পাওয়া যায়নি। রিজভী আরো বলেন, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশ নিলে কী পরিণতি হতো তা উপজেলা নির্বাচনের ‘দখল উত্সব’ দেখে অনুমান করা যায়। ক্ষমতাসীনদের এই ‘দখলবাজির’ প্রতিবাদে দলের পক্ষ থেকে শিগগিরই কর্মসূচি দেয়া হবে বলে তিনি জানান। প্রসঙ্গত, একই দিন নির্বাচন নিয়ে আরো দুই দফা ব্রিফিং করে বিএনপি।