শুধুই চলচ্চিত্রে মম
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২০:১৯
দীর্ঘদিন ছোটপর্দায় কাজ করে বেশ দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। ছোটপর্দার এসব কাজের মধ্যে বেশ কিছু প্রশংসিত কাজও রয়েছে। তবে যেকোনো অভিনয়শিল্পীরই স্বপ্ন থাকে বড় পর্দায় অভিনয়ের। সেই স্বপ্ন বাস্তবায়নেই এ বছরের শুরু থেকে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন জাকিয়া বারী মম। রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘প্রেম করব তোমার সাথে’ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করছেন জায়েদ খান। আর চলচ্চিত্রে কাস্ট হওয়ার পর থেকেই নিজেকে পুরোপুরি চলচ্চিত্রের একজন শিল্পী হিসেবেই ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন জাকিয়া বারী মম। তাই ছোটপর্দার সব ধরনের কাজ একেবারেই বন্ধ করে দিচ্ছেন তিনি। একাধিক ধারাবাহিকের কাজের সিডিউল আগে থেকে দেওয়া থাকলেও সেগুলোকেও গুছিয়ে নিয়েছেন তিনি। চলচ্চিত্রটির পরিচালকের বরাতে জানা যায়, একাধিক কমার্শিয়াল দৃশ্যও রয়েছে ছবিতে। আর এসব দৃশ্যেও জাকিয়া বারী মম বেশ দারুণ পারফর্মেন্স দেখিয়েছেন। শুধু তাই নয়, এই চলচ্চিত্রে শুটিং করাকালীনই রেদওয়ান রনির নতুন চলচ্চিত্রের নায়িকা হিসেবেও কাস্ট হয়েছেন তিনি। হয়তো খুব শীঘ্রই এই ছবিরও কাজ শুরু হবে। সব মিলিয়ে বড়পর্দায় দর্শকদের সামনে হাজির হওয়ার আগেই তিনি এখন দুই চলচ্চিত্রের নায়িকা। চলচ্চিত্রের পথচলা প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘আমি সবসময়ই চেষ্টা করেছি নিজেকে একজন পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে তুলে ধরতে। আর বোধহয় আমি সফল হয়েছি, তাই দর্শকদের বেশ ভালোবাসাও পাচ্ছি। এসবের প্রমাণই বোধহয় এ দুটি চলচ্চিত্র। নিজেকে চলচ্চিত্রে প্রতিষ্ঠিত করতে চাই। তাই ‘প্রেম করব তোমার সাথে’ ছবিটিতে আমি আমার যথার্থ যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করছি।’