২ দিনব্যাপী স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ ও আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করছে দুই দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। আজ একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা ৬টায় একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখবেন একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ এবং নাট্যকার ও নির্দেশক মান্নান হীরা। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাট্য নির্দেশক মান্নান হীরার রচনা ও নির্দেশনায় নাটক ‘রাজারবাগ ৭১’ এবং সন্ধ্যা ৭টায় নাট্যকার মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরি প্রযোজনা ‘টার্গেট প্লাটুন’ দুইটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা মঞ্চস্থ হবে। আগামীকাল বিকাল ৫টায় একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মুক্তিযুদ্ধকালীন মিরপুর জল্লাদখানার কাহিনী অবলম্বনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় আনিসুল হক বরুণ নির্দেশিত পরিবেশ থিয়েটার প্রযোজনা ‘যুদ্ধপুরাণ’ মঞ্চস্থ হবে। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ মিনিট সময়সীমার এই প্রযোজনাটির ৫টি প্রদর্শনী হবে।