তাইওয়ানের সরকারি ভবনে ছাত্রছাত্রীরা চড়াও
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২১:০৭
চীনা মূল ভূখণ্ডের সঙ্গে একটি বিতর্কিত বাণিজ্য চুক্তির প্রতিবাদে তাইওয়ানের ছাত্রছাত্রীরা সরকারি দপ্তরগুলোতে চড়াও হয়েছে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের ওপর সোমবার সকালে জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এসময় ৬০ জনকে গ্রেফতার করা হয় এবং আহত হয়েছে শতাধিক।
বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, চীনের সাথে এ ধরনের চুক্তি হলে তাইওয়ানের স্থানীয় সেবাদানকারী ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া এ চুক্তির মাধ্যমে চীন তাইওয়ানের ওপর প্রভাব বিস্তার করতে শুরু করবে।
বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের দাবি, সরকার চীনের সাথে অর্থনৈতিক বিষয়সহ যে কোন চুক্তি করার ক্ষেত্রে অবশ্যই সেটি সুবিবেচনা করেই এগুবে। অন্যদিকে প্রেসিডেন্ট মা-ইং-জেউ বলছেন, তাইওয়ানের প্রধান রফতানি বাজারের সঙ্গে চীনের এ চুক্তি দ্বীপদেশটির অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অপরিহার্য। বিক্ষোভকারীরা টেবিল-চেয়ার দিয়ে দরজা-জানালায় ব্যারিকেড দেয় এবং প্রেসিডেন্সিয়াল কেবিনেটের কম্পিউটার দখল করে।
চুক্তির বিরোধীরা গত মঙ্গলবার জোর করে পার্লামেন্টে ঢোকার চেষ্টা করে এবং এরপর থেকে তারা প্রতিদিনই এর আশেপাশের রাস্তায় অবস্থান নিচ্ছে। ৮ এপ্রিল পার্লামেন্টে চুক্তিটি অনুমোদনের কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর হলে চীনের ৮০টি সেবাখাত তাইওয়ানে এবং তাইওয়ানের ৬৪টি সেবাখাত চীনের জন্য উন্মুক্ত হয়ে যাবে।