তালেবানের সঙ্গে আলোচনার সফলতার ওপরই নির্ভর করে দেশের শান্তি

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, তালেবানের সঙ্গে আলোচনার সফলতার উপরই নির্ভর করবে দেশে শান্তি পুনঃপ্রতিষ্ঠার ভবিষ্যত্। তিনি বলেন, আমি এ আলোচনার বিষয়ে আশাবাদী। আলোচনা সফল হলেই আমরা দেশকে এক নতুন আঙ্গিকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারবো। রবিবার রাওয়ালপিন্ডিতে মেট্রো বাস সার্ভিসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। -খবর ডন অনলাইনের। নওয়াজ শরিফ বলেন, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সরাসরি আলোচনা আগামী দুই-একদিনের মধ্যে অনুষ্ঠিত হবে। আমরা আশাবাদী এ আলোচনার মাধ্যমে একটা ফলপ্রসূ কিছু আসবে। তবে আলোচনার স্থান নির্ধারণ নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, এ আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলি খান দিন-রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। নওয়াজ শরিফ বলেন, শান্তি আলোচনার পরই আমরা দেশকে উন্নয়নের এক নতুন ধাপে নিয়ে যাব। কেননা সেখানে জঙ্গি তত্পরতা ও উগ্রবাদের অবসান হবে।