শ্রীলংকায় নারী সেনাদের ওপর নির্যাতনের ভিডিও ফাঁস

সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া নারী সেনাদের নির্যাতনের কথা স্বীকার করেছে শ্রীলংকার সেনাবাহিনী। একটি ওয়েবসাইটে এ ধরনের ফুটেজ প্রকাশিত হওয়ার পর ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে সরকার। সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, একটি ভিন্নমতাবলম্বী ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওটির সত্যতা পাওয়া গেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে পুরুষ সেনারা নারী সেনাদের ওপর নির্যাতন করছে যা কিনা সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গের শামিল। সেনাবাহিনীর ব্রিগেডিয়ার রুয়ান ওয়ানিগ্যাসোরিয়া এক বিবৃতিতে বলেন, ভিডিওটির সত্যতা যাচাইয়ে শ্রীলংকান সেনাবাহিনী কর্পোরেশন তদন্ত করে দেখছে। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, নিয়োগ পাওয়া ঐ নারী সেনারা সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গের জন্য প্রশিক্ষক সেনারা তাদের শাস্তি হিসাবে এসব আচরণ করেছে। তবে তাদের সাথে যে ধরনের আচরণ করা হয়েছে তা সঠিক পদ্ধতিতে করা হয়নি। ঝাপসা ঐ ভিডিওটি অন্য কোন সেনা তার মোবাইল ফোনে ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি প্রকাশিত হওয়া ওয়েবসাইটটি শ্রীলংকায় বন্ধ করে দিলেও তা দেশের বাইরে থেকে দেখা যাচ্ছে। চার মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওটি শুক্রবার প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যাচ্ছে নারী সেনাদের সেনাবাহিনীর পোশাক পরিহিত পুরুষ সেনা লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করছে। সেনাবাহিনীর ঐ মুখপাত্র বলেন, ২০০৯ সালে অনুরাদ্ধাপুরের উত্তরাঞ্চলে যেখানে তামিল টাইগার বিদ্রোহীদের পরাজিত হয়েছিল সেখানে ২০১২ সালের অক্টোবরে এ ঘটনা ঘটে। এর আগে এ ধরনের ভিডিও প্রকাশিত হলেও তা অস্বীকার করে সেনাবাহিনী। তবে এবারই এ ধরনের ঘটনা সত্যতা স্বীকার করলো সেনাবাহিনী।