খুলনার তিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছে শ্রমিকরা

খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছে শ্রমিকরা। পুলিশ কর্তৃক শ্রমিক হয়রানির প্রতিবাদে গতকাল সোমবার সকাল ৮টা থেকে শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ করে দেয়। এদিকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকায় খুলনা বিভাগের ১০ জেলা ও ফরিদপুরের ৫ জেলার পেট্রোল পাম্প মালিকরা বিপাকে পড়েছেন। তিনটি ডিপোর সামনে ট্যাংকলরির দীর্ঘ লাইন জমে আছে। খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী জানান, রবিবার গভীর রাতে ইউনিয়নের চারজন শ্রমিককে খালিশপুর থানা পুলিশ ধরে নিয়ে গিয়ে হয়রানি ও নির্যাতন করে। পুলিশের এ আচরণের প্রতিবাদে শ্রমিকরা তিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখে। তারা খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম কামরুজ্জামানের অপসারণ দাবি করেছে। এ ব্যাপারে খালিশপুর থানার ওসি এস.এম কামরুজ্জামান বলেন, রবিবার রাতে সন্দেহবশতঃ ৪জন শ্রমিককে আটক করা হয়। তাদের কাছে সমিতির কোন পরিচয়পত্র ছিলো না। সোমবার সকালে শ্রমিক নেতারা থানায় আসলে ওই চার শ্রমিককে ছেড়ে দেয়া হয়।