অধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ভাবনার বিষয়
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২১:৩৩
ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এস ওয়াই কোরাইশি বলেছেন, নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। তবে বেশিসংখ্যক আসনে প্রার্থীরা যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় তবে সেটা ভাবনার বিষয়। এটা নিয়ে নতুন করে আলোচনা করা যেতে পারে। সোমবার ডেইলি স্টার সেন্টারে ‘ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স’ (বিআইজিডি) আয়োজিত ‘ভারতের সাধারণ নির্বাচন ২০১৪’ শীর্ষক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কোরাইশি বলেন, ভারতের নির্বাচন কমিশন নির্বাচনের কাজটি এমনভাবে পরিচালনা করে, যার ওপর রাজনৈতিক দল ও জনগণের আস্থা রয়েছে। তবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও টাকার ব্যবহারের মতো সমস্যাগুলো এখনো ভারতের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাধা হিসেবে রয়ে গেছে।
বিআইজিডি’র সভাপতি ব্যারিস্টার মনজুর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, বদিউল আলম মজুমদার, হাফিজ উদ্দিন আহমেদ, প্রফেসর রওনক জাহান, ইনাম আহমেদ চৌধুরী, রিজওয়ানা হাসান প্রমুখ।
এদিকে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ে যান। তিনি দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মোবারকের সঙ্গে নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।