চোর সন্দেহে গণপিটুনি একজন নিহত
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২১:৩৩
রাজধানীর উত্তরখান থানাধীন তালতলা এলাকায় চোর সন্দেহে সোমবার ভোরে গণপিটুনিতে রহমান আলী (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, নিহত ব্যক্তি একটি দোকানে চুরি করার জন্য প্রবেশের পর জনতার হাতে ধরা পড়লে গণপিটুনিতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ টঙ্গী থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সোমবার ভোর ৪টার দিকে রহমান আলীসহ ৩ জন উত্তরখান কলেজ তালতলা এলাকার মা টেলিকম নামে একটি দোকানের সার্টার কেটে ভিতরে প্রবেশ করে। এসময় পাশের একটি দোকানের ভিতর একজন কর্মচারী ঘুমিয়ে ছিলেন। চোর প্রবেশের শব্দে তিনি চিত্কার করতে থাকেন। এতে আশেপাশের লোকজন ছুটে এসে চোরদের ধাওয়া দেয়। জনতা রহমান আলীকে ধরে গণপিটুনি দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে টঙ্গী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকরা মৃত ঘোষণা করে।