‘রাজাকারমুক্ত দেশ গড়ার শপথে লাখো কণ্ঠে অংশ নিন’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিতে আগামী ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’ অনুষ্ঠানে অংশ নিন। সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানের মধ্যদিয়ে আমাদের নতুন প্রজন্ম জানিয়ে দেবে তারা তাদেরকে দৃঢ়ভাবে প্রতিরোধ করতে প্রস্তুত। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মুকুল চৌধুরী, ফয়েজউদ্দিন মিয়া, হাজী মো. সেলিম, আওলাদ হোসেন প্রমুখ।