এসএমই মেলা শুরু ৫ এপ্রিল
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২১:৩৪
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে আগামী ৪ এপ্রিল থেকে রাজধানীতে শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী জাতীয় এসএমই মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সকাল ১১টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্যোক্তারা জানান, মেলায় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক্স, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য খাতের পণ্য প্রদর্শিত হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ক্ষুদ্র, মাঝারি প্রতিষ্ঠানের ১০০টি স্টল থাকবে। প্রদর্শনীটি সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে এসএমই উদ্যোক্তাদের উত্পাদিত পণ্যসামগ্রী এ মেলায় একটি সমন্বিত ও বৃহত্তর পরিসরে প্রদর্শন ও বিক্রয় ছাড়াও স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রেতার কাছ থেকে বিক্রয়ের অর্ডার পাওয়া সম্ভব হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।