অজ্ঞান পার্টির খপ্পরে ২ লাখ টাকা খোয়া

রাজধানীর বনানী এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সালাউদ্দিন নামে এক পোল্ট্রি ফিড ব্যবসায়ী ২ লাখ টাকা খুইয়েছেন। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সালাউদ্দিনের উত্তরায় একটি দোকান রয়েছে। সোমবার সকালে তিনি চানখার পুল এলাকা থেকে পোল্ট্রি ফিড কেনার জন্য উত্তরা থেকে বাসে গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দেন। বাসে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। বনানী বাসস্ট্যান্ডে বাসের হেলপার তাকে বাস থেকে নামিয়ে দেয়। পরে বাস স্ট্যান্ডে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সালাউদ্দিনের এক আত্মীয় জানান, তার কাছ থেকে অজ্ঞান পার্টির সদস্যরা ২ লাখ টাকা নিয়ে গেছে।