একটি সেতু বদলে দিতে পারে মান্দার উন্নয়ন চিত্র

নওগাঁর মান্দায় প্রসাদপুর খেয়াঘাটে একটি সেতু নির্মাণ হলে বদলে যেতে পারে মান্দার উন্নয়নের চিত্র। ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে এবং অফিস-আদালতে যাওয়া-আসার সময় লাঘব হবে। চিত্রের বাঁশের সেতুটি দিয়ে শুধু খরা মৌসুমে ৪-৫ মাস মানুষ যাতায়াত করতে পারে। ভরা বর্ষা মৌসুমে পারাপারের জন্য এই ঘাটে ঘণ্টার পর ঘণ্টা নৌকা পাবার আশায় বসে থাকতে হয়। সেতুটি নির্মাণ হলে সাতবাড়িয়া থেকে দেলুয়াবাড়ী পর্যন্ত রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাইপাস রোড হিসাবে প্রায় ১৫কি.মি. রাস্তা কমে যাবে এবং যানজট থাকবে না। নওগাঁ জেলার বৃহত্তর উপজেলা মান্দায় প্রায় ৫লক্ষাধিক মানুষের বসবাস। এখানে একটিমাত্র উপজেলা নিয়ে সংসদীয় আসন। বৃহত্তম হাট-বাজার থাকার কারণে সবচেয়ে বেশি রাজস্ব আয় হয় এই উপজেলা থেকে। স্বাধীনতার চার দশকেও এই সেতুটি নির্মাণ না হওয়ায় জনগণের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। দল বদল হয় কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। মূল দলের শীর্ষ পর্যায়ের নেতারা নির্বাচনের আগে সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজ অবধি বাস্তবায়ন হয়নি।