ছাগলনাইয়ায় টাকা দিলেই মেলে ভুয়া খতিয়ান
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২২:২০
ছাগলনাইয়া উপজেলা ভূমি অফিস ও জরিপ অফিসের একশ্রেণীর অসাধু কর্মচারীর যোগসাজশে গড়ে উঠেছে একটি শক্তিশালী অসাধু দালালচক্র। এই চক্রটিকে টাকা দিলে পাওয়া যায় ভুয়া খতিয়ান, দলিল ও জায়গা-জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র। এক শ্রেণীর ভূমিদস্যু এই ভুয়া কাগজপত্র সৃজন করাসহ একের জমি অন্যের নামে রেকর্ড করে দিয়ে সহজ সরল মানুষকে প্রতিনিয়ত হয়রানি করছে। জানা যায়, ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া গ্রামের মাদু মিয়ার পুত্র আমিন আহাম্মদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে একই গ্রামের আনোয়ারউল্লার পুত্র জাহাঙ্গীর আলমের। এই বিরোধের জের ধরে আমিন আহাম্মদ একটি ভুয়া ডিপি খতিয়ান সৃজন করে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জাহাঙ্গীর আলমসহ কতিপয় ব্যক্তিকে হয়রানি করছে। জাহাঙ্গীর আলম জানান, নোয়াখালী রেকর্ডরুমে তল্লাশি চালিয়ে খতিয়ানটির কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।