ধাপে ধাপে সহিংসতা বেড়েছে
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২২:৩৪
উপজেলা নির্বাচনে ধাপে ধাপে সহিংসতার ঘটনা বাড়ছে। বেড়েছে প্রাণহানির ঘটনাও। উপজেলা পরিষদ নির্বাচনের শেষদিকে এসে এই সহিংসতা বৃদ্ধিকে নির্বাচনী ব্যবস্থাপনায় বড় ধরনের আঘাত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশনও এ নিয়ে অস্বস্তির মধ্যে রয়েছে বলে জানা গেছে।
গত রবিবার চতুর্থ ধাপে দেশের ৯১ উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ধাপে সহিংসতা তুলনামূলক বেশি ঘটেছে। প্রথম ধাপে মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হলেও দ্বিতীয় ধাপে কিছুটা সহিংসতা হয়। পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়। তৃতীয় ধাপে এই সহিংসতা আরো বাড়ে। নিহত হয় ৩ জন। চতুর্থ ধাপে সহিংসতা তৃতীয় ধাপের চেয়েও বেশি হয়েছে। এই ধাপে ভোটের দিন মৃত্যু হয় ৪ জনের। এছাড়া গতকাল গজারিয়ায় আরো একজনের মৃত্যু হয়েছে।
এদিকে উপজেলা নির্বাচনের প্রতিটি ধাপে কেন্দ্র দখল ও অনিময়ও ক্রমেই বাড়ছে। প্রথম ধাপে প্রায় ৬৫টি কেন্দ্রে, দ্বিতীয় ধাপে শতাধিক, তৃতীয় ধাপে দুই শতাধিক কেন্দ্রে অনিয়ম হয়। প্রথম দিকে জাল ভোট, ব্যালট ছিনতাই ও কেন্দ্র দখল কম হলেও আস্তে আস্তে এটি বাড়ছে। চতুর্থ ধাপে ৪০টি উপজেলায় সহিংসতার খবর পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ৪ শতাধিক কেন্দ্র জোরপূর্বক দখলের ঘটনা ঘটেছে।
উপজেলা চেয়ারম্যান পদের ফল
চতুর্থ ধাপের ৯১ উপজেলার মধ্যে ৩টি উপজেলার নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এ পর্যন্ত বেসরকারিভাবে ৮৮টি উপজেলার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ৫৪ জন, বিএনপি সমর্থিত ২৫ জন, জামায়াত সমর্থিত ৫ জন এবং অন্যান্য ৪ জন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। কক্সবাজারের কুতুবদিয়া, পটুয়াখালীর দুমকী ও মুন্সীগঞ্জের গজারিয়ায় ফলাফলা ঘোষণা স্থগিত আছে।
এপর্যন্ত চার ধাপে ঘোষিত ৩৭৯টির ফলাফলের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ পেয়েছে ১৭৫টি, বিএনপি ১৪৯টি, জামায়াত ৩২টি এবং অন্যরা পেয়েছে ২৩টি।
ভাইস চেয়ারম্যান পদেও এগিয়ে ক্ষমতাসীনরা
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যানের পর ভাইস চেয়ারম্যান পদেও এগিয়ে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রবিবার ৯১টি উপজেলার নির্বাচন হলেও চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮৮টি এবং ভাইস চেয়ারম্যান পদে ৮৭টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ৮৭টি ভাইস-চেয়ারম্যান পদের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ৩৫টি। বিএনপি পেয়েছে মাত্র ১৪টি। জামায়াতে ইসলামী ২৪টি ও অন্যরা পেয়েছে ১৪টি।
ভাইস চেয়ারম্যান পদে ৩৭৮টির ফলাফলের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ১২৩টি, বিএনপি ৯৮টি, জামায়াত ১০৩টি এবং অন্যরা পেয়েছে ৫৪টি। ভাইস চেয়ারম্যান পদে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে।
অন্যদিকে চতুর্থ ধাপে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রায় সমান সমান পদে জয়লাভ করেছে। আওয়ামী লীগ ৩৪টি, বিএনপি ৩৩টি, জামায়াত ৬টি ও অন্যরা ১৫টি পেয়েছে। ঘোষিত এ পর্যন্ত ৩৭৭টি মহিলা ভাইস চেয়ারম্যান পদের মধ্যে আওয়ামী লীগ ১৩০টি, বিএনপি ১৬৭টি, জামায়াত ৩১টি এবং অন্যরা ৪৯টি পেয়েছে। তবে মহিলা-ভাইস চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে বিএনপি এগিয়ে আছে।