মানুষ হত্যার জন্য ট্রাইব্যুনালে খালেদা জিয়ার বিচার করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। গতকাল সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, একুশে আগস্টের গ্রেনেড হামলাসহ গত ৫ জানুয়ারির নির্বাচন বন্ধে আন্দোলনের নামে বোমা মেরে ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যার সঙ্গে খালেদা জিয়া জড়িত। এটা গণতন্ত্র ও মানবতা বিরোধী অপরাধ। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারের বিষয়টি খতিয়ে দেখতে তিনি এসময় সংসদে তার পেছনের সারিতে উপস্থিত থাকা আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের প্রতি আহ্বান জানান। শেখ সেলিম বলেন, খালেদা জিয়া ও জঙ্গিবাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মূলত তিনি স্বাধীন বাংলাদেশকে স্বীকার করতে পারছেন না। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে এমন কোনো অপচেষ্টা নেই, যা তিনি করেননি। রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। দেশে অবৈধ সরকার প্রতিষ্ঠার জন্য তিনি উন্মাদ হয়ে পড়েছেন। তিনি বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্র বানাতে চান। যুক্তরাষ্ট্র ও কয়েকটি বিদেশি রাষ্ট্রের সমালোচনা করে শেখ সেলিম বলেন, কিছুদিন পরপর তারা নানা বিবৃতি দিচ্ছেন। তারা কী অপরাধীদের নাকি যারা অপরাধের শিকার, তাদের মানবাধিকার চান? পরিবেশমন্ত্রীর বক্তব্য আশা জাগা নিয়া কুড়িগ্রামের জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলাম রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বলেন, সম্প্রতি নিঝুম দ্বীপ সফরে গিয়ে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন ‘নিঝুম দ্বীপ এবং এর আশপাশের চর এলাকা নিয়ে সম্ভাবনার এক নতুন বাংলাদেশ গড়ে উঠছে’। এটি অবশ্যই আশার কথা। সরকার এটিকে বাসযোগ্য করার জোরালো প্রচেষ্টা নিতে পারে। তিনি বলেন, হল্যান্ডের অল্পকিছু মানুষ যদি বাঁধ দিয়ে তাদের পুরো দেশ রক্ষা করতে পারে, তাহলে আমরা কেন নদী খনন করে ভাঙ্গন রোধ করতে পারব না। সম্প্রতি সিঙ্গাপুরে সাগরে পলি ফেলে ভরাট করে এয়ারপোর্ট ও নতুন শহর তৈরি করা হয়েছে। মাইদুল ইসলাম তার বক্তব্যে বিদ্যুত্, গ্যাস, পাট ও গার্মেন্ট শিল্পে সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন।