উপ-নির্বাচনে যাওয়ায় খালেদা জিয়ার অসন্তোষ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ’আপোষহীনতা’ প্রকাশ করলেন গতকাল। আসন্ন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফরম পাঠানো হয়েছিল তার কাছে। কিন্তু তিনি তাতে স্বাক্ষর করেননি। বরং রাগ করে ফেরত পাঠিয়েছেন। কেরানীগঞ্জ কারাগারসূত্রে জানা যায়,গতকাল বিএনপির পক্ষ থেকে তাদের কাছে মনোনয়ন ফরম পাঠানো হয় বেগম জিয়ার স্বাক্ষর নেয়ার জন্য। কারণ আজ ২৩ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

কারাগারের একজন কর্মকর্তা বিএনপির এই মনোনয়নপত্র নিয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে বেগম খালেদা জিয়ার নিকট যান। তবে মনোনয়ন ফরম দেখে কিছুটা ক্ষিপ্ত হন তিনি।’বেগম জিয়া বলেন,’কিসের নির্বাচন ? এই নির্বাচন কে করতে বলেছে ? আমি নির্বাচন করবো না। এই ফরম নিয়ে যান। যারা নির্বাচন করতে চায় তাদেরকে গিয়ে দিতে বলেন।’ পরে কেরানীগঞ্জ কারাগারের ঐ কর্মকর্তা স্বাক্ষর ছাড়াই মনোনয়ন ফরম নিয়ে ফিরে আসেন।

খালেদা জিয়াসহ বিএনপির ৫

নেতার নামে মনোনয়ন ফরম ক্রয়

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যরা হলেন— বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জি এম সিরাজ, পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

গতকাল বুধবার গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন বলেন, খালেদা জিয়াসহ আমরা পাঁচজন ৩০ হাজার টাকার বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

এর আগে ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনেও খালেদা জিয়ার জন্য ৩টি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করলে কোর্টে আবেদন করলে বিভক্ত আদেশ আসে।

প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। কিন্তু ‘কৌশলগত’ কারণে তিনি শপথ নেওয়া থেকে বিরত থাকেন। ৩০ এপ্রিল তার আসন শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার। এরই মধ্যে এই আসনে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ২৩ মে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়ন বাছাই হবে ২৭ মে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন।