নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১, আহত ৪৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় গতকাল সোমবার একজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। এছাড়া সারাদেশে সহিংসতায় আহতদের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬। কয়েকটি স্থানে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে। আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় উপজেলা ছাত্রলীগ সদস্য জোটন মিয়া (২২) আহত হন। সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যাওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, সকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মাঝিকান্দি ও মধ্যেরকান্দি এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেফায়েতউল্লাহ খান তোতা ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান দেওয়ান মনার সমর্থকদের মাঝে দুই দফা সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হন। পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের অফিসের হাট-বাজারে গতকাল সকালে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত চেয়ারম্যান তারিকুজ্জামান মনির সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএনপির শাহাদাত্ হোসেন মৃধা ও স্বতন্ত্র গোলাম সরোয়ারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন । গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নির্বাচনোত্তর সহিংসতায় গতকাল সকালে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা বাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৫জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা জানান, নির্বাচনোত্তর সহিংসতায় রবিবার দিবাগত রাতে উপজেলার সুরখালী ইউনিয়নে ২০টি দোকান, ৩টি বাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করেছে জামায়াত-বিএনপির কর্মীরা। এ অভিযোগে জড়িত থাকার সন্দেহে পুলিশ গতকাল সোমবার ২ জনকে আটক করেছে। পুলিশ জানায়, রবিবার ভোট গণনা শেষে পরাজিত প্রার্থীর সমর্থক জামায়াত-বিএনপির কর্মীরা গাওঘরা বাজারের ২০টি, সুরখালী বাজারে ১টি মুদি দোকান ভাংচুর ও লুটপাট করে। তারা সুরখালী বাজারে রাধাকান্ত বৈরাগীর দোকানে প্রবেশ করে তাকে ও তার স্ত্রী নীলাকে পিটিয়ে গুরুতর জখম করে। গাওঘরা গ্রামে হারুন মোড়লের বাড়ি ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় এলাকায় আতংক ও উত্তেজনা বিরাজ করছে। রাজশাহী অফিস জানায়, রাজশাহীর তানোরে উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই আওয়ামী লীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিজয় মিছিলে হামলা করেছে আওয়ামী লীগ কর্মীরা। রবিবার রাত ও সোমবার সকালে এসব ঘটনা ঘটে।