এমপি হিরনকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়েছে
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২২:৩৭
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার এ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণে থাকা সদর আসনের সংসদ সদস্য, সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিত্সকদের বোর্ড মিটিংয়ে তাকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
মেডিকেল টিমের প্রধান নিউরোলোজিষ্ট প্রফেসর ডা. দীন মোহাম্মাদ জানিয়েছেন, বিকাল ৫টায় একটি থাই এয়ার অ্যাম্বুলেন্স এমপি হিরনকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। তার সাথে একজন নিউরো সার্জনসহ তার পরিবারের লোকজন রয়েছেন। তিনি আরো জানান, সিঙ্গাপুরে হিরনের একটি অস্ত্রোপচার করা হবে।
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, শওকত হোসেন হিরনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বানারীপাড়ায় চাখার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার বাদ আসর চাখার ফজলুল হক ইনস্টিটিউশন মাঠে মিলাদ হয়।