ইসির সহযোগিতায় ভোট ডাকাতি করেছে ক্ষমতাসীনরা

চতুর্থ দফা উপজেলা নির্বাচনে শাসক গোষ্ঠী প্রশাসন এবং নির্বাচন কমিশনের সহযোগিতায় ভোট ডাকাতি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল সোমবার বিকালে নয়াপল্টনে দলের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন। তিনি বলেন, দলীয় এজেন্টদের কাছ থেকে বিএনপি প্রার্থীরা বিজয়ী হওয়ার সংবাদ নিশ্চিত হলেও সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ক্ষমতাসীনরা ফলাফল নিজেদের পক্ষে করে নিয়েছে। ‘নির্বাচন কমিশন স্বাধীন। স্বাধীন কমিশনের অধীনে দেশের মানুষ উত্সাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছে’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন কমিশন স্বাধীন তবে সেটা প্রধানমন্ত্রীর অধীনে। আর এ কারণেই ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ দখল, এজেন্টদের মারধর করার ক্ষেত্রে কমিশন ক্ষমতাসীনদের সহযোগিতা করেছে। রিজভী বলেন, চতুর্থ দফায় নির্বাচনী সহিংসতায় নিহত ৪ জনের দুজন বিএনপি কর্মী। এছাড়া আরো পাঁচ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন । সকল হত্যার বিচার একদিন হবে। তিনি বলেন,আওয়ামী লীগ গণতন্ত্রের গলা টিপতে টিপতে এমন অবস্থায় নিয়ে এসেছে যাকে এখন লাশ হিসেবে ঘোষণা করা বাকি আছে। রিজভী বলেন, জনগণ যেখানে ন্যূনতম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে সেখানেই জাতীয়তাবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়েছে। তা দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে।