নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই সাঈদীর ছেলে জিতেছেন
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২২:৫০
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, চতুর্থ দফার উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে পিরোজপুরের জিয়ানগরে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী বিজয়ী হতে পেরেছেন। সেখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হেরেছেন। আওয়ামী লীগ কি পারত না সাঈদীর ছেলেকে হারাতে?
গতকাল সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। তাদের মিথ্যাচার গোয়েবলসকেও হার মানিয়েছে। তিনি বলেন, আমরা প্রথমে বিদ্রোহী দমন করতে পারিনি বলে বিএনপির কিছু প্রার্থী জয়লাভ করেছেন। পরের ধাপে আমরা বিদ্রোহী দমন ও জনপ্রিয় প্রার্থীদের সমর্থন দেয়ায় তারা জয়লাভ করেছেন।
হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাওয়ার পর চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন একজন সেনা কর্মকর্তাকে দিয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করাবেন। তাহলে বিভিন্ন বাহিনীর মধ্যে বাঙালি অফিসাররা উজ্জীবিত হবেন। ওই সিদ্ধান্ত অনুযায়ী জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। স্বাধীনতার ঘোষণার ক্রেডিট যদি দিতে হয়, তাহলে সেটা জিয়া নয়, চট্টগ্রামের আন্দরকিল্লা আওয়ামী লীগ অফিসের নূরুল হককে দিতে হবে। কারণ জিয়াউর রহমান প্রহরীবেষ্টিত হয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। আর নূরুল হক উন্মুক্ত মাইকিং করে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা মানুষকে পাঠ করে শুনিয়েছিলেন।
সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন প্রমুখ।