ই-টিআইএন নিবন্ধনে আরো ৩ মাস সময় বাড়ছে

সময় বাড়িয়েও কাঙ্ক্ষিত পরিমাণে অনলাইনে কর শনাক্তকরণ নম্বর (ই টিআইএন) নিবন্ধন না হওয়ায় আরো তিন মাস সময় বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করার সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে আগামী ৩১ মার্চ এনবিআরের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। প্রথম দফায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় থাকলেও পরে তা তিন মাস বাড়িয়ে চলতি মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত করা হয়। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত নতুন ও বিদ্যমান মিলিয়ে ১১ লাখ ২৯ হাজার ব্যক্তি ই-টিআইএন নিবন্ধন করেছেন। কিন্তু এনবিআর আশা করছে, এই সংখ্যা অন্তত ১৭ লাখ হবে। এনবিআরের হিসাবে, বিদ্যমান কয়েক লাখ টিআইএনধারী এখনো ই-টিআইএন নিবন্ধনের আওতার বাইরে রয়ে গেছে। এদের মধ্যে অনেকেই সচেতনতার অভাবে বা ভয়ে ই-টিআইএনে নিবন্ধিত হতে চাচ্ছেন না। এনবিআরের আদেশ অনুযায়ী, যাদের পূর্বেই টিআইএন নম্বর রয়েছে তারা ই-টিআইএন পুন:নিবন্ধন করবেন আর যাদের পূর্বের টিআইএন নেই কিন্তু করযোগ্য আয় রয়েছে তারা কেবল নতুন নিবন্ধন করবেন। উল্লেখিত সময়ের মধ্যে কেউ ই-টিআইএন নিবন্ধন বা পুন:নিবন্ধন না করলে তিনি আর এ সুযোগ পাবেন বলে এনবিআরের এমন আদেশে কিছটা শিথিলতাও আসছে। এ বিষয়ে বিদ্যমান আইনটি পরিবর্তন করে এক্ষেত্রে জরিমানা আরোপ করে তাদের যে কোন সময়ে টিআইএন এ অন্তর্ভুক্ত হতে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হবে। ১১ লাখ ২৯ হাজার ই-টিআইএনের মধ্যে পুন:নিবন্ধন (যাদের পূর্বেই টিআইএন রয়েছে) করেছেন ৮ লাখ ৭৯ হাজার। আর নতুন ই-টিআইএন নিবন্ধন নিয়েছেন প্রায় আড়াই লাখ। এর আগে প্রথম দফায় ৩১ ডিসেম্বর পর্যন্ত ই-টিআইএন নিবন্ধন ও পুন:নিবন্ধন করেছিলেন ৯ লাখ ৬১ হাজার।