মূলধন বাড়াতে মার্কেন্টাইল ব্যাংকের তিনশ কোটি টাকার বন্ড অনুমোদন

মূলধন বাড়াতে মার্কেন্টাইল ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমোদন পেয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের এ বন্ডটি (কুপন বেয়ারিং সাবঅর্ডিনেটেড) অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)। কমিশনের ৫১৩তম সভায় এ অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় ফার ইস্ট নিটিংয়ের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন করা হয়েছে। জানা গেছে, মার্কেন্টাইল ব্যাংকের বন্ডটির মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ৭ বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বর্তমান শেয়ারহোল্ডার ব্যতীত ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক এবং বড় পুঁজির ব্যক্তি বিনিয়োগকারীরা বন্ডটির ইউনিট কিনতে পারবেন। প্রস্তাবনা অনুযায়ী বন্ড ইস্যুর মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে মার্কেন্টাইল ব্যাংক ব্যাসেল-টু অনুযায়ী প্রয়োজনীয় মূলধন অনুপাত বাড়ানোর কাজে ব্যয় করবে। বন্ডটির প্রতিটি লটের অভিহিত মূল্য ১০ (দশ) লাখ টাকা। বন্ডের কুপন রেট হবে ইস্যুয়ার ব্যাংক ব্যতীত অন্যান্য তফসিলি প্রাইভেট ব্যাংকের ৬ মাসের গড় স্থায়ী ইস্যুয়ার আমানত অথবা ইস্যুয়ার ব্যাংকের ৬ মাসের গড় আমানত হারের মধ্যে যেটি বেশি হয় তার উপর ৩ শতাংশ। তবে কুপন রেট সর্বনিম্ন হবে ১২ শতাংশ এবং সর্বোচ্চ ১৫ শতাংশ। এদিকে আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফেসভ্যালু ১০ টাকার সঙ্গে ১৭ টাকা প্রিমিয়ামসহ ২৭ টাকা নির্দেশক মূল্যে অর্থ সংগ্রহ করবে। আইপিওর মাধ্যমে ২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৬৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থে কোম্পানিটি বিএমআরই, ব্যাংকের মেয়াদী ঋণ পরিশোধ ও আইপিও খরচ বাবদ ব্যয় করবে। ২০১৩ সালের ৩০ জুনে শেষ হওয়া অর্থ বছরসহ বিগত পাঁচ বছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী এ কোম্পানির ওয়েটেড এভারেজ শেয়ারপ্রতি আয় ৩ দশমিক ২৮ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ ১৯ দশমিক ৮ টাকা (পুন:মূল্যায়িত)। অবলুপ্তির অংশ হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) পরিচালিত প্রথম বিএসআরএস মিউচ্যুয়াল ফান্ডের নিরীক্ষা প্রতিবেদন ও ট্রাস্টি প্রতিবেদন অনুমোদন করেছে বিএসইসি। প্রাথমিকভাবে ফান্ডটির ইউনিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৫ দশমিক ৩২ টাকা। এছাড়া ইউএফএস ইউনিট ফান্ড নামক একটি বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড ও বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তি অনুমোদন করা হয়েছে। ফান্ডটির আকার কোটি টাকা। এর সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে ইউনিভারসেল ফাইন্যান্সিয়াল সল্যুশন লিমিটেড।