নেত্রকোনায় হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন
প্রকাশ : ২৫ মার্চ ২০১৪, ২১:০১
নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা এলাকার কাশেম কলোনীর চাঞ্চল্যকর আবুল কাশেম (৫০) হত্যা মামলায় আসামি এরশাদ ও নূরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে নেত্রকোনা আদালত। দীর্ঘ ১৫ বছর পর গতকাল সোমবার দুপুরে আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করা হয়।আদালত সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবনগর গ্রামের আব্দুর রহমানের পুত্র এরশাদ ওরফে আরশাদ এবং পাঁচকাহনিয়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র নূরুল ইসলাম পূর্বশত্রুতার জের ধরে গত ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যার পর পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা এলাকার কাশেম কলোনীর আবুল কাশেমকে ডেকে নিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে ধান ক্ষেতে তিন ফুট মাটির নিচে লাশ পুঁতে রাখে।