শৈলকুপার গ্রামে হামলা বাড়ি ভাংচুর, আহত ৩

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়েড়া হাটে অধিপত্য বিস্তার নিয়ে দু’ পক্ষের সংঘর্ষের জের ধরে চার গ্রামের মানুষ জোটবদ্ধ হয়ে গতকাল মঙ্গলবার সকালে রয়েড়া গ্রামে হামলা চালায়। হামলাকারীরা ১০-১২টি বাড়িঘরে ভাংচুর চালায়। বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা হয়। আহত হয়েছে ৩ জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রয়েড়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে রয়েড়া গ্রামের বাসিন্দাদের সাথে তামিনগর, আড়ুয়াকান্দি, গোবিন্দপুর ও কেষ্টপুর গ্রামের লোকজনের অনেকদিনের বিরোধ। এর জের ধরে সোমবার রয়েড়া ও তামিনগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়। এ ঘটনায় তামিনগর, আড়ুয়াকান্দি, গোবিন্দপুর ও কেষ্টপুর গ্রামের লোকজন রয়েড়া গ্রামের বিরুদ্ধে জোটবদ্ধ হয়। গতকাল সকাল ৬টার দিকে হাজার খানেক লোক ঢাল, সড়কি, রামদা, লঠিসোঁটাসহ রয়েড়া গ্রামে হামলা চালায়। গ্রামের নির্দিষ্ট ১০-১২টি বাড়িতে হামলা ও ভাংচুর চালায় তারা। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এই তাণ্ডব চলে। এ সময় পুলিশ নির্বিকার ছিল বলে অভিযোগ উঠেছে। শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানিয়েছেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।