দিনাজপুরে ৬ মামলায় দুদকের চার্জশিট, ৯৫টির চলছে তদন্ত

দুর্নীতি দমন কমিশন দিনাজপুর সমন্বিত অফিস ৬টি মামলায় চার্জশিট পেশ করেছে। দুর্নীতির অভিযোগে ৭৮টি ঘটনার অনুসন্ধান ও ৯৫টি মামলার তদন্ত চালানো হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার বিরুদ্ধে মামলা ও ১ জন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার সমন্বয়ে গঠিত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দিনাজপুর সমন্বিত অফিসের উপ-পরিচালক মোঃ আব্দুল করিম জানান, অভিযোগ অনুসন্ধান করে সত্যতা পাওয়ায় ২ লাখ ৪০ হাজার টাকার প্রকল্পের কাজ না করেই সমুদয় অর্থ আত্মসাতের অভিযোগে নীলফামারী জেলার সৈয়দপুর থানার উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বর্তমানে কুড়িগ্রাম জেলার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আনোয়ার হোসেন এবং প্রকল্পের সাথে সংশ্লিষ্ট শাকিল আহমেদ ও মোঃ হাসানের বিরুদ্ধে ২টি মামলা করেছে দুদক। তদন্ত করে ৬টি মামলায় দুদকের তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট পেশ করেছেন।