বিশ্বাসযোগ্য নির্বাচনের তাগিদ ইইউ পার্লামেন্ট সদস্যদের

সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘুদের অধিকার, মানবাধিকার কর্মী ও বিরোধী দলীয় নেতাকর্মীদের মত প্রকাশের সুযোগ প্রদানের আহ্বান জানিয়েছেন। এছাড়া সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের তাগিদ দিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে প্রতিনিধি দলের নেতা জ্যঁ ল্যামবার্টের নেতৃত্বে ইউরোপীয় পার্লামেনটারিয়ানগণ সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জমান ও অধিকার সেক্রেটারি আদিলুর রহমান খান ও সঞ্জীব দ্রং মতবিনিময় সভায় যোগ দেন। বৈঠক শেষে ড. দেবপ্রিয় বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর বিদেশিদের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। আগামী নির্বাচনের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। আইনের শাসন ও মানবাধিকার রক্ষা এবং অর্থনীতিকে সচল রাখতে হবে।