মিসরে আরো ৬৮২ নেতাকর্মীর বিচার শুরু
প্রকাশ : ২৫ মার্চ ২০১৪, ২৩:৩৭
গণবিচারে ৫২৯ জনের মৃত্যুদন্ড দেয়ার একদিন পর গতকাল মঙ্গলবার থেকে মিসরে মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বদিসহ আরো ৬৮২ কর্মীর বিচার শুরু করেছে আদালত। গত আগস্টে একজন পুলিশকে হত্যা এবং বিক্ষোভ থেকে সাধারণ মানুষের উপর হামলাসহ কয়েকটি অভিযোগে গতকাল তাদের বিরুদ্ধে বিচার শুরু হয়। মিসরে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুড সেখানকার ইসলামপন্থি রাজনৈতিক দল। গত জুলাইয়ে ব্যাপক বিক্ষোভের মুখে ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর রাজপথে সহিংস বিক্ষোভ করতে থাকে দলটির নেতাকর্মীরা। খবর রয়টার্স ও বিবিসির।
মিনাইয়া প্রদেশের যে আদালতে আগের ৫২৯ জনের মৃত্যুদন্ডের রায় দেয়া হয়েছিল সেই একই আদালত বদিসহ বাকিদের বিচার করছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে বলা হয়েছে, একসঙ্গে এত মানুষকে প্রাণদণ্ড দেয়া আন্তর্জাতিক আইন বিরোধী। তাছাড়া গতকাল মঙ্গলবার শুরু হওয়া নতুন বিচারের নিয়েও উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার কার্যালয়।
অপরদিকে, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রও বিচার প্রক্রিয়ার সমালোচনা করেছে। আসামিপক্ষের আইনজীবী আব্দেল আলি বলেন, ‘আমরা আদালতে হাজির হইনি, কারণ বিচারক ফৌজদারী দণ্ডবিধি ভঙ্গ করেছেন। তিনি আমাদেরকে যুক্তি উপস্থাপনের সুযোগ দেননি।’ অভিযুক্তদের ৭৭ জন পুলিশি হেফাজতে আছে, বাকিরা হয় জামিনে নয়তো পলাতক।