দীপিকায় নাখোশ বানশালি
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ১৯:৫৭
দীপিকা পাড়ুকোনের সর্বশেষ চলচ্চিত্র মুক্তি পায় সঞ্জয়লীলা বানশালির পরিচালনায়। ‘রাম-লীলা’ শিরোনামের এই চলচ্চিত্রে দীপিকার বিপরীতে অভিনয় করেছেন রণবীর সিং। এই ছবির মুক্তির সময়ই বানশালি তার পরবর্তী ছবির জন্য এই জুটিকেই নিশ্চিত করেছিলেন। কিন্তু এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা, যেই বানশালির চলচ্চিত্রে কাজ করার জন্য বলিউডের বাঘা বাঘা তারকারা ওত্ পেতে থাকেন সেই বানশালির চলচ্চিত্রেই কাজ করতে নারাজ রণবীর-দীপিকা। যদিও এই রাজি না হওয়ার পেছনে দীপিকার কোনো দোষ নেই। কারণ দীপিকা সম্প্রতি ‘শুদ্ধি’ চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, এর শুটিং শুরু হচ্ছে এ বছরেরই শেষের দিকে। অন্যদিকে বানশালি মাত্র ক’দিন আগে সিদ্ধান্ত নেন তার নতুন ছবি ‘বাজিরাও মাস্তানি’-এর শুটিং করবেন আগামী বছরের মার্চের দিকে। তাই সিডিউল মিলছে না রণবীর-দীপিকার। এই ঘটনায় নাখোশ বানশালি। পরবর্তীতে এই চরিত্রের জন্য সালমান ও ঐশ্বরিয়াকে কাস্ট করার কথা ভাবলেও তা অসম্ভব। তাই এখন এই চলচ্চিত্রে কাজ করবেন অজয় দেবগণ ও কারিনা কাপুর।