স্পার্টানদের আরেকটি বীরত্বগাথা
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২০:০১
‘দিস ইজ স্পার্টা’—শুনলেই চোখের সামনে ভেসে উঠে দরাজ কণ্ঠের জেরার্ড বাটলারের সেই দুর্দান্ত অ্যাকশনে ভরপুর হিস্টোরিক্যাল ফ্যান্টাসি মুভি ‘থ্রি হান্ড্রেড’-এর কথা। অ্যাকশন ছবির যারা ভক্ত তারা কেউ এই চলচ্চিত্রটি মিস করেছেন বলে মনে হয় না। তাদের জন্য সুখবর যে সিনেমাটির সিক্যুয়েল চলে এসেছে। এ নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম
২০০৭ সালে বের হওয়া এই মুভিটি দুনিয়াজুড়ে ব্যবসা করে প্রায় ৪৫০ মিলিয়ন ডলার। আর অ্যাকশনের স্টাইলের জন্য এটা একটি কাল্ট মুভি হিসেবে ইতোমধ্যেই সমাদৃত। সম্প্রতি মুক্তি পাওয়া ‘থ্রি হান্ড্রেড’-এর সিক্যুয়েলটি আবারও দর্শক মাতাবে বলে সবাই আশা করছে। হলিউডি সিনেমা ‘থ্রি হান্ড্রেড :রাইজ অব অ্যান এম্পায়ার’ মুক্তির এক সপ্তাহেই হলিউড বক্স অফিস থেকে তুলে নিয়েছে সাড়ে ৪ কোটি মার্কিন ডলার। মুক্তির তিনদিনের মধ্যেই সিনেমাটি এখন অবস্থান করছে ইউএস টপচার্টের শীর্ষে। ২০০৬ সালের সিনেমা ‘থ্রি হান্ড্রেড’-এর সিক্যুয়েল ‘থ্রি হান্ড্রেড :রাইজ অব অ্যান এম্পায়ার’-এর সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে অ্যানিমেশন সিনেমা ‘মি. পিবয় অ্যান্ড শারম্যান’।
ফ্র্যাঙ্ক মিলারের গ্রাফিক নভেল ‘জেরেক্সাস’ অবলম্বনে নোয়াম মারোর পরিচালনায় ‘থ্রি হান্ড্রেড :রাইজ অব অ্যান এম্পায়ার’ সিনেমায় অভিনয় করেছেন সালিভান স্টেপলটন, ইভা গ্রিন, লেনা হেডি, হান্স মাথসন, রড্রিক স্যানটরো। ১১ কোটি মার্কিন ডলার বাজেটের সিনেমাটি মুক্তির পরই আলোড়ন সৃষ্টি করেছে বক্স অফিসে। এর আগে ২০০৭ সালের সিনেমা ‘থ্রি হান্ড্রেড’ও মুক্তির সঙ্গে সঙ্গেই অর্জন করেছিল ব্যাপক জনপ্রিয়তা। সাড়ে ছয় কোটি ডলার বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৪৫ কোটিরও বেশি ডলার। গ্রিক রাজা লিওনিডাসের সঙ্গে পারস্য রাজ জেরেক্সাসের থার্মোপিলির যুদ্ধ অবলম্বনে নির্মিত ওই সিনেমায় মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন জেরার্ড বাটলার, লেনা হেডি, ডেভিড ওয়েনহ্যাম এবং ডমিনিক ওয়েস্ট। সিনেমাটি পরিচালনা করেছিলেন জ্যাক স্নাইডার।
জ্যাক স্নাইডার, এই মুভি পরিচালনা করে এখন হলিউডে পরিচিত আর নির্ভরযোগ্য নাম। অতিসম্প্রতি যদিও ‘থ্রি হান্ড্রেড’ মুভির প্রাণ জেরার্ড বাটলারের করা ‘রাজা লিওনাইডোস’ চরিত্রকে সবাই অনেক মিস করবে, তবে সেটা কিছুটা হলেও ঘুচাবে আরেক চমক দিয়ে। ড্যানিয়েল ক্রেইগের প্রথম জেমস বন্ড মুভি ‘ক্যাসিনো রয়্যাল’-এর সেই সুন্দর মুখশ্রীর নায়িকা ইভা গ্রিনের কথা নিশ্চয় সবারই মনে আছে। সে থাকছে এতে, যে কিনা পারস্যের ‘গড-কিং’ জারজিসের পক্ষে গ্রিকদের বিপক্ষে লড়বে। জারজিসের চরিত্রটিকে আরেকটু বড় করা হয়েছে এই সিক্যুয়েলে।
এখন দেখার বিষয় ‘থ্রি হান্ড্রেড :রাইজ অব অ্যান এম্পায়ার’ নতুন চরিত্র আর অ্যাকশন দিয়ে আমাদের আগের মতো মন্ত্রমুগ্ধ করে রাখতে পারে কি না।