মাদারগঞ্জ মেতেছে নির্বাচনী উত্সবে

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উত্সব বিরাজ করছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। প্রতিদিন চা স্টল থেকে শুরু করে অফিস, আদালত, হাট-বাজার সর্বত্র চলছে প্রচারণা। এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল (আনারস), বিএনপি মনোনীত ফয়েজুল ইসলাম লাঞ্জু (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী ফারহা রাব্বী ও শাফিউল ইসলাম প্রার্থী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা পারভীন মুন্নি, বিএনপির মিজানুর রহমান ও বিদ্রোহী আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নুুরুন্নাহার ও বিএনপির মাহমুদা বেগম মেরী বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ কর্মীরা এবার ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করছেন। কারণ বর্তমান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের পেষ্ট্রিজ ইস্যু এই নির্বাচন। অপর দিকে বিএনপির মনোনীত প্রার্থী মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফয়েজুল ইসলাম লাঞ্জু নেতা-কর্মীদের কাছে বেশ জনপ্রিয়। তারপরও দলীয় কোন্দল থাকায় বিএনপির একটি অংশ তার নির্বাচনে কাজ করছে না। নির্বাচন উপলক্ষে বিএনপির দলীয় নেতাদের অনেকে আওয়ামী লীগে যোগদান করায় বিএনপির মধ্যে নেতারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। অপর দুই স্বতন্ত্র প্রার্থী ফারহা রাব্বী রিতন ও শাফিউল ইসলাম। নির্বাচন শুরু হওয়ার পর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে জানা গেছে, ভোটারদের মধ্যে এবার উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে।