হাতিয়া আ’লীগে একাধিক বিএনপিতে একক প্রার্থী
হাতিয়া নোয়াখালী সংবাদদাতা
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২২:০০
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩১ মার্চ অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলা নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে প্রতিটি গ্রাম পাড়া মহল্লা। প্রার্থী ও তাদের কর্মীরা দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট যুদ্ধে চেয়ারম্যান পদে বিএনপির একক ও আ’লীগের একাধিক প্রার্থী রয়েছেন। এ উপজেলা মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৩শ’ ১৬ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৮ শত ৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬৫ হাজার ৯ জন। মোট কেন্দ্র সংখ্যা ৬৩টি।
চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি মো: আলাউদ্দিন। তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন। অপরদিকে আ’লীগের প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান সাবেক সাংসদ উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক ওয়ালী উল্ল্যাহ (কাপ-পিরিচ), চরকিং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ (আনারস), বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদৌস এর দেবর ও সাবেক এমপি মো: আলীর ছোট ভাই মাহবুব মোরর্শেদ লিটন (দোয়াত-কলম) মার্কা নিয়ে মাঠে নেমেছেন। তবে আলহাজ্ব মহিউদ্দিন আহম্দ নিজেকে একমাত্র আ’ লীগ দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। এ আসনে লড়াই হবে ত্রিমুখী।