নির্বাচনের টুকরো খবর
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২২:০১
মুক্তাগাছায় স্থগিত তিন কেন্দ্রের ভোট গ্রহণ আজ
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ গত ১৫ মার্চ তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ভোটবাক্স লুট, সংঘর্ষসহ বিভিন্ন গোলযোগের কারণে স্থগিত হওয়া মুক্তাগাছার তিন কেন্দ্রের পুনঃভোট গ্রহণ আজ। এনিয়ে বিরোধী জোট সমর্থিত প্রার্থী, কর্মী ও সমর্থকদের মাঝে নানা শংকা দেখা দিয়েছে। ভোট দেয়া নিয়ে সংশ্লিষ্ট এলাকার সাধারণ ভোটারদের মাঝেও অজানা আতঙ্ক বিরাজ করছে। নিশ্চিন্তে ভোট প্রয়োগে নিরপেক্ষ দৃষ্টিতে প্রশাসনের জোরালো ভূমিকা পালনের দাবি জানিয়েছেন ভোটাররা।
জানা গেছে, ১৫ মার্চ অনুষ্ঠিত মুক্তাগাছা উপজেলা নির্বাচনে ব্যালট ছিনতাই, ভোটবাক্স লুটসহ ব্যাপক গোলযোগের কারণে কমলাপুর শহিদ মুক্তিযোদ্ধা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বন্দগোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও তেরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। ১০০ কেন্দ্রের মধ্যে ৯৭ কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ জাকারিয়া হারুন (আনারস) ৭৭ হাজার ২৮৮ ভোট এবং আওয়ামী লীগ সমর্থিত বিল্লাল হোসেন সরকার (ঘোড়া) ৭৩ হাজার ৩১৪ ভোট পেয়েছেন। তিন কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৯১৬ জন। এর সাথে প্রার্থীদের প্রাপ্ত ভোটের বিবেচনায় চূড়ান্ত ফলাফল ঘোষণাও স্থগিত রাখা হয়। আগামী ২৭ মার্চ তিন কেন্দ্রের পুনঃভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন অফিস। এদিকে নতুনভাবে ভোট গ্রহণের ঘোষণার পর থেকে মাঠে পুরোদমে প্রচারণায় নেমেছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ভোট প্রার্থনায় মাঠে না নামলেও অদৃশ্য কৌশলে শেষ পর্যন্ত তারাই বিজয়ের হাসি হাসবেন এমন প্রচারণায় সাধারণ ভোটারদের মাঝে ভোট প্রদান নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
দিনাজপুরে ২ উপজেলায় ২৮ হাজার ভোট বাতিল
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুর জেলার ২টি উপজেলা নির্বাচনে ভোট বাতিল হয়েছে ২৮ হাজার ৯৫৬টি। আর জামানত হারিয়েছেন ২ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন। বোচাগঞ্জ উপজেলায় ভোট বাতিল হয়েছে ১২ হাজার ৯১২টি আর ফুলবাড়ী উপজেলায় ১৬ হাজার ৪৪টি। ২ উপজেলার ২৮ হাজার ৯৫৬টি ভোট ত্রুটির কারণে বাতিল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাগণ।
এদিকে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় ২ চেয়ারম্যান প্রার্থীসহ ২ উপজেলায় জামানত হারিয়েছেন ১০ জন প্রার্থী। বোচাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বীর ভদ্র রায়, ভাইস চেয়ারম্যান প্রার্থী এম ওয়ালি ফ্লাড, বিপ্লব কুমার ধর বিপু, আজিজুল হক ও হোসেন মোল্লা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা বেওয়া ও মুসলিমা বেগম জামানত হারান। ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মওলা রঞ্জু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিনারা বেগম প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।
কমলনগরে স্থগিত কেন্দ্রের পুনঃনির্বাচন ২৭ মার্চ
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরে কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতার কারণে স্থগিত হওয়া একটি কেন্দ্রের পুনঃনির্বাচন ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। উপজেলার চরমার্টিন ইউনিয়নের উত্তর পশ্চিম চরমার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে শুধু মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রটিতে ভোটার সংখ্যা ৩ হাজার ৯৩ জন। এদের মধ্যে ১ হাজার ৫৮০ জন পুরুষ এবং এক হাজার ৫১৩ জন নারী ভোটার রয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, গত ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ব্যালট বাক্স ভাংচুর ও লুটসহ বিভিন্ন সহিংসতার কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত হওয়া ওই কেন্দ্রে আগামী ২৭ মার্চ পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
বানারীপাড়া জামানত হারালেন ১০ প্রার্থী
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারালেন এক চেয়ারম্যান ও নয় ভাইস চেয়ারম্যান প্রার্থী। যারা জামানত হারালেন তারা হলেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহ্ আলম মিঞা আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৫৫৯ ভোট, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ১৯ দল সমর্থিত প্রার্থী জামায়াত নেতা মোঃ শামসুল আলম মন্ট,ু ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ শীহাবুদ্দিন, জাসদের প্রার্থী মোঃ আনিসুর রহমান, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মোঃ হাবিবুর রহমান, কৃষক দলের শাহাদত মেনন, যুবদলের এরশাদুল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি সমর্থিত তাসমিয়া সিদ্দিকা, বিলকিস, আমিরুন নেছা।
কুলাউড়া চেয়ারম্যানের শপথ গ্রহণ
মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোঃ ফজলুল হক খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগমের শপথ অনুষ্ঠান মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান খান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার গৌতম কুমার ঘোষ, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চান্দিনায় ১৯ দল প্রার্থীর উঠান বৈঠক
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা চান্দিনায় ১৯ দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা অধ্যাপক আবু তাহের (টেলিফোন) মঙ্গলবার উপজেলার মাইজখার ইউনিয়নের বাংলাবাজার, ভোমরকান্দি, কালেমসার, বিরখাল, জিরুআইশ, পানিপাড়াসহ বিভিন্ন গ্রামে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এসময় তিনি পথসভা ও উঠান বৈঠকে উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, সন্ত্রাস দমন, মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার অঙ্গীকার ব্যক্ত করে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে তাকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহবান জানান।
নালিতাবাড়ীতে ভোট পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ নালিতাবাড়ী ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে বিজিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিম উকিল মঙ্গলবার তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে বলেন, পরাজিত প্রার্থী মোকছেদুর রহমান লেবু (দোয়াত-কলম) তার, লোকজন ও নেতাকর্মীদের দিয়ে রামচন্দ্রকুড়া কেন্দ্রে ৫৪৪টি নাকসী কেন্দ্রে ২৫০টিসহ ২৩০টি কেন্দ্রে জাল ভোট প্রদান করেন। পরে ম্যাজিস্ট্রেট এসে ওই জাল ভোটগুলো বাতিল করেন। এছাড়াও দক্ষিণ নাকসী, ছালুয়াতলা কেন্দ্রসহ প্রায় ২০টি কেন্দ্রে জাল ভোট দিয়ে তাকে পরাজিত করা হয়েছে। এছাড়াও ভোট কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরবিহীন ৪/৫টি করে সিল মারা ব্যালট পেপার এক সাথে পাওয়া যায়।
মঠবাড়িয়ায় অগ্নিসংযোগ মামলায় বিএনপির ১৮৪জন জামিনে
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশরাফুর রহমানের সমর্থকদের মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের দায়ের করা মামলায় বিএনপির ১৮৪ জন নেতাকর্মী জামিন লাভ করেছে। মঙ্গলবার মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১৮৪ জন নেতকর্মীর জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা মঙ্গলবার রাতে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনারস প্রতীকে গণসংযোগ কালে বিএনপি সমর্থক নূর নবীর বাড়িতে হামলা চালায়। এ ঘটনার জের ধরে বিএনপি সমর্থকরা ছাত্রলীগের ৭টি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে এবং ৭ নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। মঙ্গলবার এই মামলায় ১৮৪ জন নেতকর্মী মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন।
হবিগঞ্জে ৩ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ
হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জের ৩ উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছে। গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান, সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ সাজ্জাদুল হাসান। শপথ গ্রহণকারিগণ হচ্ছেন, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ও মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন। চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, ভাইস চেয়ারম্যান লুত্ফুর রহমান তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার। বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন শাকিব ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম। শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রায়পুরায় নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ নরসিংদীর রায়পুরায় নির্বাচন কমিশন সচিব মোঃ সিরাজুল ইসলাম বলেছেন, নির্বাচন চলাকালীন সময়ে মাঠ পর্যায়ে যাদের বিরুদ্ধে সঠিক ভাবে দায়িত্ব পালন না করার অভিযোগ উঠেছে সে সকল কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার রায়পুরা অডিটোরিয়ামে ৩১ মার্চ উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, আপনারা এখন সবাই নির্বাচন কমিশনারের কর্মকর্তা কর্মচারী। তৈরি করা হয়েছে, সেখানে বলা আছে যারা নির্বাচন কমিশনারের দায়িত্ব সঠিক ভাবে পালন না করেন তার জন্যে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। নির্বাচনের অপকর্মের সকল দায় এখন নির্বাচন কমিশনারের কাঁধে। চাইলেই নির্বাচন কমিশন দায় এড়াতে পারবে না। যদি অপকর্মে সৃষ্টি হয়ে থাকে সেটি হয়েছে মাঠ পর্যায়ে। আপনরাই মাঠে কাজ করেন, নির্বাচন কমিশনার নয়। যাদের কারণে এ অপকর্ম সৃষ্টি হয়েছে, তাদের কে ছেড়ে দেয়া হবে না। প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ ওবায়দুর আজম, জেলা নির্বাচন কমিশনার মোঃ সামছুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাসুদ রানা, থানা অফিসার ইনচার্জ মাহমুদ ইসলাম প্রমুখ।
বেগমগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে ও দোকানে হামলা
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ উপজেলা নির্বাচনের পরদিন জামায়াত শিবির ও বিএনপি সমর্থকরা বেগমগঞ্জের কোয়ারিয়া গ্রামের এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুট করে । তাছাড়া ঐ নেতার বাড়ির পার্শ্ববর্তী ৫/৬ টি দোকান ভাংচুর ও লুট করে।
জানা যায়, ২৩ শে মার্চ বেগমগঞ্জে অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার কোয়ারিয়া গ্রামের তোতা মিয়া নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালায়। ভোটে বিএনপি প্রার্থী জয়ী হয়। ভোটের পরদিন সোমবার চন্দ্রগঞ্জ এলাকার সন্ত্রাসী জিসান দলবল নিয়ে এবং স্থানীয় জামায়াত শিবিরের কর্মীরা একত্রিত হয়ে তোতা মিয়ার বাড়িতে হামলা চালিয়ে তোতা মিয়ার বসতঘর ভাংচুর ও লুটতরাজ চালায়। এ ছাড়া তোতা মিয়ার বাড়ির পার্শ্ববর্তী ৫/৬টি দোকান ভাংচুর ও লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ফোর্স মোতায়েন রাখা হয়েছে।
হালুয়াঘাটে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা \ গত ২৩ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে হালুয়াঘাট থেকে বিএনপি মনোনীত প্রার্থী গত মঙ্গলবার হালুয়াঘাট প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজুল আহসান উল্লেখ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিভিন্ন অজুহাতে নির্বাচনকালীন সময়ে কোন ধরনের সহযোগিতা না করে উল্টা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফারুক আহাম্মদ খানকে ভোট প্রদানে তার অনুসারীদের নির্দেশ দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন সদ্য বিদায় বিএনপি উপজেলা চেয়ারম্যান আলী আজগরের বাসায় তার সহযোগিতা চাওয়ার জন্য একাধিকবার গেলেও কোন রকম সহযোগিতা না করে নির্বাচনের ৩ দিন পূর্বে তার কর্মী-সমর্থকদের ডেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দেয়ার সিদ্ধান্ত দেন । আলী আজগর আমার নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তার ছোট ভাই জাতীয় পার্টি থেকে জাহিদুল ইসলাম পাপ্পুকে নির্বাচনে দাঁড় করিয়ে দেন। অন্য দিকে ৪নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ বিএনপি হালুয়াঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইতিমধ্যে সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য যার পদ স্থগিত করা হয়েছে তিনিও আমার নির্বাচনে আমার বিরোধিতা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রকাশ্যে কাজ করেছেন।
কালিয়াকৈর তারকা প্রার্থীরা ধরাশায়ী
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে তারকা প্রার্থীরা সকলেই ধরাশায়ী হয়েছেন অধিকতর কম বয়সী তরুণ ছাত্রলীগ নেতা রেজাউল করীম রাসেলের কাছে। এই নির্বাচনে প্রবীণ রাজনীতিবিদ উপজেলা পরিষদের সাবেক ২বার নির্বাচিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মু. হেলালউদ্দিন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালিয়াকৈর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন শিকদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু তারা সকলেই ধরাশায়ী হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করীম রাসেলের কাছে। আওয়ামী লীগের তৃণমূলের ভোটে মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম রাসেল (মোটর সাইকেল) প্রতীকে ৫৫হাজার ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মু. হেলাল উদ্দিন।
মুরাদনগরে প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনকে ঘিরে কুমিল্লার মুরাদনগর উপজেলায় কেন্দ্র দখলের আশঙ্কায় সাধারণ ভোটাররা। ওইদিন তাদের ভোট তারা প্রয়োগ করতে পারবে কিনা দিন দিনই সন্দিহান হয়ে উঠছে। সন্ত্রাসীরা এরই মধ্যে আগাম কেন্দ্র দখলের হুমকি দিয়ে বেড়াচ্ছে এমন অভিযোগ সবার।
এছাড়াও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকারের নির্বাচনী প্রচারণায় বাধাপ্রদান করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। এই প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), মহাপরিচালক র্যাব, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি ৩৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করেছেন। এ ছাড়াও ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ওই কেন্দ্রগুলো প্রতিপক্ষরা দখলের মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নিয়েছে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন। তাই তিনি উল্লেখিত কেন্দ্রগুলো আবারো দখলের আশঙ্কা করছেন।
রূপগঞ্জে আওয়ামী লীগের একক ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয়ভাবে ভাইস চেয়ারম্যান হিসেবে হাবিবুর রহমান হারেজকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। মুড়াপাড়া পাইলট হাই স্কুল মাঠে গতকাল বুধবার সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এ ঘোষণা দেন। এ সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ সাইফুল ইসলাম তার নির্বাচনী প্রচারণা বন্ধ করার ঘোষণা দেন।
রায়পুরায় বিএনপির প্রার্থীর পথসভা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে রায়পুরায় বিএনপির একক প্রার্থী মোঃ ফজলুর রহমানের পক্ষে দোয়াত-কলম প্রতীকে বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে মঙ্গলবার উপজেলার পলাশতলী বাজার মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়। পলাশতলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতাহার আলী খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা একে নেছার উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফাইজুর রহমান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল, সাবেক মন্ত্রী মাইন উদ্দিন ভুঁইয়ার ছেলে রফিকুল আমিন ভুঁইয়া রুহেল, বিএনপি নেতা ইউনূছ মিয়া খন্দকার, হযরত আলী ভুঁইয়া, মোজাফফর আলী, মোঃ তাজুল ইসলাম, আব্দুর রহমান খোকন, ইদ্রিছ আলী মুন্সী, আমির হোসেন, আলতাফ হোসেন, জাকির হোসেন ভুঁইয়া, খালিদ হাসান নাহিদ, আব্দুর রহিম, আলমগীর প্রমুখ।
ত্রিশালে ১৯ দলের চেয়ারম্যান প্রাথীর গণসংযোগ
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৯ দলের মনোনীত প্রার্থী ত্রিশাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন (আনারস) গণসংযোগ অব্যাহত রেখেছেন। মঙ্গলবার তিনি উপজেলার কাঠাল, রামপুর, বালিপাড়া ও ত্রিশাল পৌরসভার জনসাধারণের মাঝে গণসংযোগ করেন। এ সময় তার সাথে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মাহবুবুর রহমান লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজহারুল ফয়েজ মুন্জু, শ্রমিক দলের সভাপতি শফিকুল আলম শোভা, বিএনপি নেতা মশিউর রহমান দীপক প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে ১৯ দলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ সদর উপজেলার বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল ইসলাম ওয়ালিদ পৌর শহরের ব্যবসায়ীদের মাঝে গণসংযোগ করেন।
কেন্দুয়ায় আওয়ামী লীগ সভাপতি সম্পাদককে অবঞ্ছিত ঘোষণা
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার কেন্দুয়ায় তৃণমূল আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আসাদুল হক ভূঞার নির্বাচনে বিরোধিতা করায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী গতকাল বুধবার উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীকে বহিষ্কারের দাবিতে মিছিল সমাবেশ করে। তাদের দুইজনকেই কেন্দুয়া আওয়ামী লীগে অবাঞ্ছিত ঘোষণা করে তারা জানান, দলের দায়িত্বে থাকলেও সভাপতি-সম্পাদক বিভিন্ন জাতীয় দিবসে কেনো কর্মসূচি দেন না। তারা বলেন, গত ১৯ ফেব্রুয়ারী উপজেলা পরিষদের নির্বাচনে এই দুইজন দলের প্রার্থীর পক্ষে কোন কাজ না করে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করেছেন। মিছিল শেষে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু তাহের চেয়ারম্যানের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।