টঙ্গীতে ৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২২:০১
টঙ্গীর ভরান এলাকায় হাজীর মাজার বস্তি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পর এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে টঙ্গী মডেল থানায় সোপর্দ করেছে র্যাব-১ এর সদস্যরা। এ ঘটনায় বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের শেষে তাদেরকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল উল্লেখিত এলাকার হাজীর মাজারের জামালপুর বস্তির পাইকারী গাঁজা ব্যবসায়ী জিন্নাত আলী মিস্টারের ঘরে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা মাদক ব্যবসায়ী মিস্টারের ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা পলিথিনের প্যাকেটে মোড়ানো দুটি চটের বস্তা ভরা ৬৪ কেজি গাঁজা খুঁজে পায়। পরে ঘরে ঘুমিয়ে থাকা গাঁজা ব্যবসায়ী আলম শেখ (৩২) ও তার খালাতো বোন স্বপ্নাকে (১৪) গ্রেপ্তার করে র্যাব দপ্তরে নিয়ে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত গাঁজার পাইকার মিস্টার পালিয়ে যায়।