বাঘায় রেজিস্ট্রার না থাকায় জমি রেজিস্ট্রি বন্ধ
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২২:০১
রাজশাহীর বাঘায় সাব-রেজিস্ট্রার না থাকায় জমি রেজিস্ট্রি করা সম্ভব হচ্ছে না। এর ফলে ভোগান্তি পোহাচ্ছে এ অঞ্চলের মানুষ। গত এক বছর ধরে এ উপজেলায় অতিরিক্ত হিসাবে একজন দায়িত্ব পালন করলেও সমপ্রতি তিনি অন্যত্র বদলি হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন জানান, এ উপজেলায় গত প্রায় এক বছর ধরে সাব-রেজিস্ট্রারের পদ শূন্য রয়েছে। পার্শ্ববর্তী চারঘাট উপজেলার দায়িত্বে নিয়োজিত এক কর্মকর্তা সপ্তাহে দু’দিন এ উপজেলায় এসে দায়িত্ব পালন করতেন। কিন্তু গত প্রায় তিন সপ্তাহ পূর্বে তিনি অন্যত্র বদলি হওয়ায় বর্তমানে এ উপজেলায় জমি-জমা রেজিস্ট্রি সংক্রান্ত সকল কাজ বন্ধ রয়েছে। এর ফলে একদিকে ভোগান্তি পোহাচ্ছে জনগণ, অপরদিকে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল লতিফ মিয়া জানান, এখানে এক’শ জন দলিল লেখক রয়েছে। যাদের অনেকেই কেবল এই পেশার উপরে নির্ভরশীল। এদিক থেকে প্রায় তিন সপ্তাহ ধরে সাব-রেজিস্ট্রার না থাকায় অনেকেই মানবেতর জীবন-যাপন করছে। তিনি অতিসত্বর অত্র উপজেলায় একজন সাব-রেজিস্ট্রারের দাবি জানান।